সংঘর্ষে দুই প্রার্থীসহ আহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের বাড়িতে উঠান বৈঠকে হামলার দৃশ্য। গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন দলবল নিয়ে ওই হামলা চালান বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান l ছবি: প্রথম আলো
ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের বাড়িতে উঠান বৈঠকে হামলার দৃশ্য। গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন দলবল নিয়ে ওই হামলা চালান বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান l ছবি: প্রথম আলো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনা ঘটেছে। দুটি স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা এবং তিনটি স্থানে দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে।
এসব ঘটনায় আহত হয়েছেন দুজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ অন্তত ৩১ জন। ঢাকার বাইরে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝালকাঠি: নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমানের উঠান বৈঠকে হামলা হয়। এতে মিজানুরসহ ২০ জন আহত হন। গুরুতর আহত আটজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন শামসুল হক হাওলাদার, মানিক হাওলাদার, জাহাঙ্গীর আলম, উজ্জ্বল হাওলাদার, রেহানা বেগম, শাহিদা বেগম, জসিমউদ্দিন ও আদম আলী।
মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘উঠান বৈঠকের শেষ দিকে আমি বক্তব্য দিচ্ছিলাম। এমন সময় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধা দলবল নিয়ে হামলা চালান।’
আওয়ামী লীগের প্রার্থী মো. সোহরাব হোসেন মৃধা বলেন, ‘বিদ্রোহী প্রার্থী বহিরাগতদের নিয়ে বৈঠক করছিলেন। সেখানে আমার কর্মী-সমর্থকদের সঙ্গে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে।’
এদিকে ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার নলছিটি থানার ওসি এস এম মাকসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তবে ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও টিয়াখালী ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীর ভাই গাজী আব্বাস উদ্দিন বাচ্চুর বাসভবনে বুধবার সন্ধ্যায় হামলা হয়। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে হামলাকারীরা। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মশিউর রহমানকে দায়ী করা হয়েছে।
গাজী আব্বাস উদ্দিন বলেন, ‘আমার ছোট ভাই গাজী আক্কাস উদ্দিন ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী। এ কারণে আওয়ামী লীগের প্রার্থী আমাকে প্রতিপক্ষ মনে করে এ হামলা করিয়েছেন।’ তবে মশিউর রহমান বলেন, হামলায় তাঁর কোনো কর্মী-সমর্থক জড়িত নন।
ভোলা: ভোলার শিবপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করেন, স্থানীয় রতনপুর বাজার এলাকায় তাঁর কর্মী আল আমিন, মো. ইয়ারুল আলম ও নারগিস বেগমকে গত বুধবার পিটিয়ে জখম করেন বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম রাকিবের কর্মীরা। আহত ব্যক্তিদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।
সাতক্ষীরা: তালা উপজেলার খলিলনগর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু এবং তাঁর তিন সহযোগী বুধবার রাতে পথসভা করে সদরে ফেরার সময় হরিশচন্দ্রকাটি বিলপাড় এলাকায় হামলার শিকার হন। এতে প্রণব ঘোষ এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি খান সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক করিম হোসেন ও যুবলীগের কর্মী মোড়ল আলামিন হোসেন আহত হন। তাঁদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রণবকে রাতেই খুলনার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
আহত সিরাজুল ইসলাম অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান এ হামলায় জড়িত। তবে আজিজুর রহমান বলেন, তাঁদের ওপর মিথ্যা দায় চাপানো হচ্ছে। নিজের লোকজনই তাঁদের মারধর করে থাকতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ উপজেলার টঙ্গীপাড়া এলাকায় শরীফপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সাইফ উদ্দিন চৌধুরীর গণসংযোগে গতকাল সকালে হামলা হয়। এতে মো. আলাউদ্দিন (৩৭), নোয়াব মিয়া (৩৩), দুলাল মিয়া (৪২) মাছুম (৩০) ও মোস্তফা (২৮) আহত হন। এ ঘটনায় আশুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সাইফ চৌধুরী প্রথম আলোকে বলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন আলম ওরফে বকশির নেতৃত্বে তাঁর সমর্থকদের ওপর হামলা হয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুমন চৌধুরীর পক্ষে কাজ করছেন শাহিন। তবে শাহিন আলম বলেন, ঘটনার সময় সুজন মিয়া নামের তাঁর এক পরিচিতজনকে মারধর করছিলেন সাইফ চৌধুরীর লোকজন। তাঁকে বাঁচাতে গিয়ে তিনিই মারধরের শিকার হন।
এদিকে পিরোজপুর প্রতিনিধি জানান, নাজিরপুর উপজেলা ছাত্রদলের নেতা ও শেখমাটিয়া ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলামের ভাগনে শামসুল হক (২৮) হত্যার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। পরে উপজেলা ছাত্রদলের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপরে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান খান।
গত মঙ্গলবার রাতে শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে শামসুল হককে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।