চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনার কারণ ও দোষী ব্যক্তিদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি কাজী এনায়েতকে। তিন সদস্য হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরিফুর রহমান ও সাকিব হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মণ্ডল।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালিয়ে ৪০টি রামদা, বিপুল পরিমাণ রড ও লাঠিসোঁটা উদ্ধার করে। দুটি হল থেকে আটক করা হয় ৩০ জনকে। এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম নগর থেকে একটি শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় স্টেশনে ছাত্রলীগের দুই পক্ষের কর্মী-সমর্থকেরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জের ধরে শাহ আমানত ও শাহজালাল হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৯ জন ছাত্র আহত হন। আহত ছাত্ররা সবাই সাধারণ সম্পাদক ফজলে রাব্বির অনুসারী।
তদন্ত কমিটির প্রধান কাজী এনায়েত সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষের ঘটনার কারণ উদ্ঘাটনে আমরা চট্টগ্রামে এসেছি। সবার সঙ্গে কথা বলেছি। রোববার (আজ) তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মারধর: এদিকে গতকাল বিকেলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে ফেরার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা প্রতিপক্ষের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক আজিজুল ইসলাম ও আইন সম্পাদক আবু সাঈদ। চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত জেলা পুলিশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘গতকাল বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে আহত অবস্থায় মেডিকেলে আনা হয়। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।’
অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির পক্ষের অনুসারীরা ওই দুজনকে মারধর করেছেন। মারধরের শিকার দুজন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক প্রায়ত দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
দিয়াজের অনুসারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী নেতা-কর্মীরা আমাদের দুজন নেতার ওপর হামলা চালায়। আমরা এ হামলার সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর সঙ্গে গতকাল রাতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।