সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়: বদিউজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ছাত্রলীগ দায়ী নয় বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান। তাঁর দাবি, কিছু গণমাধ্যম এ ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর হীন চেষ্টা করছে।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ও বহিরাগত সন্ত্রাসীরা অপর ‘বহিরাগত’ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুমন দাস নামের এক শিক্ষার্থীকে হত্যা করেছে। কিন্তু কিছু গণমাধ্যম এ ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর হীন চেষ্টা করছে। অবশ্য সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রলীগের যে বা যারা জড়িত বলে নাম এসেছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’
বদিউজ্জামান লিখিত বক্তব্যে এটাও বলেন, ‘নিহত সুমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিলেন না। আপনাদের মতো আমাদেরও প্রশ্ন, গতকাল কেন তিনি (সুমন) ক্যাম্পাসে এলেন? বহিরাগত ব্যক্তিরা ক্যাম্পাসে কেন আসবে? আর তার দায় বরাবরের মতো ছাত্রলীগের ঘাড়ে কেন বর্তাবে?’
ছাত্রলীগের সভাপতি ওই সংঘর্ষের অন্যতম হোতা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত উত্তম কুমারকে দায়ী করেন। তিনি বলেন, ওই বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ককে কুপিয়ে আহত করার অভিযোগে গত বছরের ৯ মে তাঁকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার বলা হয়েছে। অথচ পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, উত্তম কুমারের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো দায়ভার ছাত্রলীগ নেবে না। ত্যাজ্যপুত্রের অভিভাবক হওয়ার কোনো প্রয়োজন ছাত্রলীগের নেই। শাস্তি নিশ্চিত করার দায়িত্ব ছাত্রলীগের নয়, পুলিশের।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।