সংঘাত নয় শান্তি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শান্তি ও সম্প্রীতির শহর সুনামগঞ্জে সংঘাত নয়, শান্তি চাই’ এই স্লোগান নিয়ে গতকাল সোমবার বিকেল চারটায় পৌরসভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল। আগামীকাল বুধবার একই স্লোগান নিয়ে শহরে শান্তি সমাবেশ ও পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র।

মতবিনিময় সভায় মেয়র আয়ুব বখ্‌ত জানান, সুনামগঞ্জ শান্তির শহর। এখানে কয়েক দিন ধরে যে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, সেটি খুবই দুঃখজনক। এই সহিংসতা বন্ধে ইতিমধ্যে তিনি পৌর নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সর্বস্তরের নাগরিকদের নিয়ে শান্তি সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সব রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে একইভাবে মতবিনিময় করবেন তিনি।

মেয়র আয়ুব বখ্‌ত বলেন, ‘রাজনীতির নামে সহিংসতা কারও কাম্য নয়। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরের ব্যবসায়ীরা আতঙ্কে আছেন। এই অবস্থা চলতে দেওয়া যায় না। কোনো দল যদি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে চায় তাদের সেটি করতে দেওয়া উচিত। আবার কেউ যদি সহিংসতা করে সেটিও কঠোরভাবে মোকাবিলা করতে হবে।’