জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ। ফাইল ছবি
এইচ এম এরশাদ। ফাইল ছবি

জাতীয় পার্টিতে (জাপা) অস্থিরতার মধ্যে আজ মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দুপুর দুইটায় রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা। এরশাদের গণমাধ্যমবিষয়ক সচিব সুনীল শুভ রায় প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
এরশাদ গত রোববার রংপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও দলে তাঁর উত্তরসূরি ঘোষণা করেন। একই সঙ্গে জি এম কাদেরকে আহ্বায়ক ও এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সদস্যসচিব করে জাপার ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।
এরশাদের ওই ঘোষণায় দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া হয়। পরদিনই স্ত্রী রওশনের নেতৃত্বে দলের একটি অংশের বিদ্রোহের মুখে পড়েন এরশাদ।
দলের মহাসচিব ও ১৮ সাংসদসহ একটা অংশ গতকাল সোমবার যৌথ সভা করে রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে।
ওই ঘোষণার এক ঘণ্টার মাথায় রংপুরে সংবাদ সম্মেলন ডেকে এরশাদ বলেন, রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ।

এসব ঘটনায় জাপা ভাঙনের মুখে পড়ল কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।