জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ সম্প্রচার নীতিমালা তৈরির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করবেন না। করলে বিপদে পড়বেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুবসংহতি আয়োজিত এক সংবর্ধনা সভায় এরশাদ সরকারকে এ সতর্ক করেন। তিনি বলেন, ‘গণমাধ্যমকে সত্য কথা বলতে দিন। সত্য কথা শোনার শক্তি অর্জন করুন।’
জাপার ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক সৈয়দ আবু হোসেন ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলামকে সংবর্ধনা দিতে এ সভা করা হয়।
সভায় এরশাদ আবারও বিএনপির নেতা-কর্মীদের তাঁর দল জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘গতকাল (বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ২০-দলীয় জোটের সমাবেশ) একটি রাজনৈতিক দলের মিটিং হয়েছিল। লোক হয়েছিল ৩৫০ জন। আজ আমার দলের সভায় লোক হয়েছে পাঁচ হাজার। এই সাড়ে তিন শ জনের বাইরে যাঁরা আছেন, তাঁরা আমার দলে যোগ দিন। আসুন আমরা একসঙ্গে রাজনীতি করি।’
এরশাদ বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ইসলামি মূল্যবোধে বিশ্বাস করে, তারাই জাতীয়তাবাদী শক্তি। জামায়াত কী স্বাধীনতার পক্ষের শক্তি? বিএনপিও জাতীয়তাবাদী শক্তি নয়। যদি দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আমার দলে আসেন।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করে এরশাদ বলেন, ‘একজন যুবরাজ লন্ডন থেকে প্রায় বাণী দেন। কদিন আগে বাণী দিলেন, আওয়ামী লীগের সবাই কুলাঙ্গার। ছয়জন মন্ত্রী এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রবচন আছে, চালনি বলে সুই, তোর পেছনে ছিদ্র কেন। এখন আমরা আর কী বলব।’ তিনি বলেন, ‘২০০৭ সালের নির্বাচনের আগে এই যুবরাজ বলেছিলেন, এরশাদকে জেলে পাঠাব। কম্বল দিয়ে পেটাব। জেলে জীবন্ত যাবে, লাশ হয়ে ফিরে আসবে। এখন জীবন্ত লাশ কে?’
নুরুল ইসলাম ফারুকী হত্যার উল্লেখ করে এরশাদ সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, একজন জনপ্রিয় মানুষকে এভাবে হত্যা করা হলো। এখন কী বলবে সরকার, কী বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী, কী বলবে আইনশৃঙ্খলা বাহিনী। দেশ আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
যুবসংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।