সংবিধান সংশোধন বিলের প্রস্তাবনা বাদ দেওয়া হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪-তে যে প্রস্তাবনা আছে সেটা বাদ দেওয়া হবে। কেননা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিলে কোনো প্রস্তাবনা ছিল না। 
এ ছাড়া আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিশেষজ্ঞদের ডাকা হবে কি না, এ বিষয়ে আইনমন্ত্রীর মতামত জানতে চাওয়া হয়েছে। আগামীকালের বৈঠকে আইনমন্ত্রীকে তাঁর মতামত দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বৈঠক করে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফ করে সাংবাদিকদের এসব কথা বলেন সুরঞ্জিত।

আওয়ামী লীগ দলীয় এই সাংসদ বলেন, সংসদে বিল পাস করতে গেলে কিছু প্রস্তুতির বিষয়ে আছে। সে জন্য সংসদ সংসদীয় কমিটিকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করতে সাত দিনের সময় দিয়েছে। তবে কমিটি সাত দিনের আগেই সংসদে প্রতিবেদন দেবে। এ ছাড়া বিলে কর​নিক ত্রুটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

গত রোববার সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪ সংশোধিত আকারে সংসদে উত্থাপিত হয়। বিলে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের কাছে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে।
মুদ্রিত বিলে ভুল থাকায় আইনমন্ত্রী আনিসুল হক তা সংশোধিত আকারে উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিলের প্রস্তাবনায় বলা হয়েছ, সামরিক শাসক অসাংবিধানিক পন্থায় ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সামরিক ফরমানের (সংবিধানের পঞ্চম সংশোধনী) দ্বারা সুপ্রিম কোর্টের কোনো বিচারককে অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগে অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের পরিবর্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত করে।