সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলটির মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে দেশে নির্বাচন হবে। কারও আবদার রক্ষার্থে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন। ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভা সফল করতে এই প্রস্তুতিসভার আয়োজন করা হয়।
বিএনপির নেতাদের সংবিধান ভালোভাবে পড়ার পরামর্শ দিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, কোনো সরকারের অধীনে নয়। এমনকি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাও তখন নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকে। তাই আপনারা নির্বাচনকালীন যে ‘বিশেষ সরকারের’ দাবি করছেন, তা নিতান্ত অমূলক।
হাছান বলেন, ‘আমরা আশা করব, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। গত জাতীয় নির্বাচনে না এসে বিএনপি আত্মহননের যে পথ বেছে নিয়েছিল, তা এবার পরিহার করবে। বিএনপির অংশগ্রহণে আমরা দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চাই।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে প্রস্তুতিসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আকতার হোসেনসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।