সংবিধানের সংশোধনী ছেঁড়া নেকড়ার মতো ছুড়ে ফেলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠিত হলে সংবিধানের পঞ্চদশ ও ষোড়শ সংশোধনী ছেঁড়া নেকড়ার মতো ছুড়ে ফেলা হবে। এই সংশোধনী সংবিধান ও বিচার বিভাগের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম কে আনোয়ার এ কথা বলেন। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া একটি ‘ফ্যাসিস্ট’ সরকার ক্ষমতায় বসে আছে। তারা সংবিধানকে নিজেদের মতো করে কাটা-ছেঁড়া করেছে। বিচার বিভাগসহ রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
এর আগে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দিগন্ত টেলিভিশন বন্ধের ৫০০ দিন’ শীর্ষক আলোচনা সভায় এম কে আনোয়ার বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের ছক তৈরি করছেন। শিগগির তা প্রকাশ করা হবে। সে অনুযায়ী আন্দোলন হবে।
দিগন্ত টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক সাদেক খান, কবি ফরহাদ মজহার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ বক্তব্য দেন।