শ্রমিক লীগের নেতা-কর্মীদের বাধায় গত বৃহস্পতিবার বগুড়ায় বেসরকারি সংস্থা টিএমএসএসের একটি সিএনজি স্টেশনের গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান ব্যর্থ হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়া কার্যালয় সূত্র জানায়, শাজাহানপুর উপজেলার সাজাপুরে অবস্থিত টিএমএসএসের (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) মালিকানাধীন সিএনজি স্টেশনে গ্যাসচালিত জেনারেটরের বিদ্যুৎ দিয়ে শুধু স্টেশনের কাজ চালানোর কথা। কিন্তু ওই জেনারেটর থেকে অবৈধভাবে পাশের একটি শিল্পকারখানা (টিএমএসএস পার্টিকেল বোর্ড কারখানা) এবং পেট্রলপাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আইন অনুযায়ী এটা সংযোগ বিচ্ছিন্নকরণের যোগ্য অপরাধ। ফলে পিজিসিএলের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক ফজলে আলম ও সহকারী ব্যবস্থাপক নাজমুল হক খানের নেতৃত্বে একটি দল গত বুধবার ওই সিএনজি স্টেশনে অভিযান চালায়। এ সময় তারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্টেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়ে। তখন শাজাহানপুর থানা-পুলিশের সহযোগিতা চেয়েও ব্যর্থ হয় দলটি। বৃহস্পতিবার বিকেলে আরেক দফা অভিযানে যায় দলটি। এ সময় তারা জেলা শ্রমিক লীগ ও মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বগুড়া পৌরসভার প্যানেল মেয়র শামসুদ্দিন শেখের নেতৃত্বে নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি বলেন, ওই নেতা-কর্মীরা হুমকি দেন, টিএমএসএসের সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে বগুড়া থেকে উত্তরবঙ্গে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া শ্রমিক লীগের নেতা-কর্মীরা স্টেশনটি ঘিরে রাখেন। ফলে পিছু হটতে বাধ্য হন অভিযানে অংশ নেওয়া দলটির সদস্যরা। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা হাকিম অভিজিৎ রায় এবং নির্বাহী হাকিম সুশান্ত কুমারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ওই স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেন।
সিএনজি স্টেশনটির ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার মো. বাবু দাবি করেন, তাঁরা বিধিবহির্ভূত কোনো কাজ করেননি। তারপরও অন্যায়ভাবে তাঁদের জরিমানা করা হয়েছে।
শ্রমিকনেতা শামসুদ্দিন শেখ বলেন, অনেক শ্রমিকের জীবিকা ওই সিএনজি স্টেশনের ওপর নির্ভরশীল। তা ছাড়া ঈদের আগে স্টেশনটি বন্ধ করলে বাস-মালিক-শ্রমিক এমনকি যাত্রীরাও চরম দুর্ভোগে পড়তেন। এসব কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে বাধা দিয়েছেন তাঁরা।
পিজিসিএলের বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক শৈলজানন্দ বসাক বলেন, বাধার মুখে তাঁদের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান ব্যর্থ হয়েছে। তবে ঈদের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত বছরের ৩১ মে অনুমোদন ছাড়াই টিএমএসএসের সহযোগী প্রতিষ্ঠান বিসিএল পেপার মিলের বর্ধিত শিল্প ইউনিটে গ্যাস সংযোগ দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করেন।