সংলাপ না হলে দেশে গৃহযুদ্ধ হবে: বি. চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধান দুই দলের মধ্যে সংলাপই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। এর কোনো বিকল্প নেই। সংলাপ যদি না হয়, তাহলে কিছুদিন পরে আর কোনো পক্ষের পিছু হটার সুযোগ থাকবে না। এর পরিণাম হবে দেশে গৃহযুদ্ধ; যা দেশের কোনো মানুষ চায় না।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশপ্রেমিক নাগরিক পার্টি আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপ সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভায় বি. চৌধুরী এসব কথা বলেন।
পেট্রলবোমা হামলাসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে বি. চৌধুরী বলেন, অনেক ঘটনার সঙ্গে সরকার ও আওয়ামী লীগও জড়িত। কে বা কারা এই মানুষ মারার কাজে জড়িত, তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, প্রধান বিচারপতি সহিংসতার ঘটনা তদন্তের ব্যবস্থা করবেন। জাতির সামনে সত্য তুলে ধরবেন।
বিকল্পধারার সভাপতি বলেন, সংলাপের আহ্বান জানানোর প্রথম দায়িত্ব সরকারের। খালেদা জিয়াকেও প্রস্তুত থাকতে হবে এবং ঘোষণা দিতে হবে যে তিনিও সংলাপ চান। তিনি বলেন, রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থান ভিন্ন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, যাঁরা স্থায়ী সমাধান চান না, তাঁদের পরামর্শ শুনবেন না। কেননা, সংলাপ ছাড়া পরিস্থিতির উত্তরণ হবে না। বি. চৌধুরী চলমান রাজনৈতিক সংকটের বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারি শনিবার ফুটপাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।