দেশের চলমান সংকট উত্তরণে সরকারকে দ্রুত সংলাপে বসতে আবারও তাগিদ দিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তাঁর আশঙ্কা, সংলাপ না হলে সংঘাত আরও বাড়বে। দেশের অবস্থা আরও খারাপ হবে।
গতকাল শুক্রবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বি চৌধুরী এ আশঙ্কার কথা বলেন। তিনি বলেন, দেশের চলমান সংকট ক্রমাগত প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এটা রাজনীতির জন্য অশনিসংকেত। এই অবস্থার অবসান করতে একটাই পথ আছে, সরকারকে বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনায় বসতে হবে।
সাবেক এই রাষ্ট্রপতি সরকারের উদ্দেশে বলেন, ‘আমি আগাম চাই না, নিজেরা আলোচনায় না বসলে বিদেশিদের হস্তক্ষেপে আপনাদের বিরোধী দলের সঙ্গে কথা বলতে হতে পারে। এটা হবে লজ্জাজনক।’
এদিকে রিয়াজ রহমানের পারিবারিক সূত্র জানায়, তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে তিনি এখনো দুর্বল। তাই চিকিৎসকের পরামর্শে সবাইকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
বিকল্প ধারার সভাপতি বি চৌধুরী গতকাল হাসপাতালে গিয়ে রিয়াজ রহমানের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। বি চৌধুরী রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে তাঁর সুস্থতা কামনা করেন।
গত মঙ্গলবার রাতে খালেদা জিয়ার কার্যালয় থেকে ফেরার পথে গুলশানের ৪৬ নম্বর সড়কে রিয়াজ রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় রিয়াজ রহমানকে গুলি করে তাঁর গাড়িটি জ্বালিয়ে দেয় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।