সংলাপে কি মানুষ পোড়ানো নিয়ে আলোচনা করব?

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘হরতাল–অবরোধে যারা আগুনে পুড়িয়ে মানুষ মারে, কীভাবে তাদের সঙ্গে সংলাপে বসব? সংলাপে তাদের সঙ্গে কী নিয়ে কথা বলব? তাদের সঙ্গে মানুষ পুড়িয়ে মারা নিয়ে আলোচনা করব?’
আজ শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এভাবেই পাল্টা প্রশ্ন করেন সৈয়দ আশরাফ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পেট্রলবোমা ও আগুনে পুড়ে যারা মারা গেছে, তারা এর আগে কোনো না কোনো নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। তাদের তারা পুড়িয়ে মারছে। বিএনপি একাত্তরের মতো একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা তো পৃথিবীর বাইরে না। মধ্যেপ্রাচ্যে কী হচ্ছে আমরা তো দেখছি। আসলে শক্তিশালী সরকারের বিকল্প নাই।’
দলের কার্যনির্বাহী পরিষদের সভায় চলমান রাজনৈতিক সহিংসতা কঠোর হাতে দমনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সৈয়দ আশরাফ।