সংলাপে না বসলে গণ-অনশন করবেন বি চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি

বিকল্পধারা বাংলাদেশ-‍এর সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সাত দিনের মধ্যে দুই নেত্রীকে সংলাপ বা আলোচনায় বসতে হবে। তাঁরা আলোচনায় না বসলে দেশের জনগণকে নিয়ে গণ-অনশন শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। বদরুদ্দোজা চৌধুরী বলেন, যেভাবে দেশের মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, দুই নেত্রী যা করছেন, তা দেশের জন্য ভালো হচ্ছে না।
আজ রোববার রাজধানীর বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতি ভেঙে যাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এমন কোনো আন্দোলন আমরা সমর্থন করি না, যাতে জনগণ কষ্ট পায়। দুই নেত্রীর আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছে যাব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গেটে তালা থাকাটা যেমন অপরাধ, তেমনি প্রধানমন্ত্রী যাওয়ার পর দরজা খুলে না দেওয়াটাও অপরাধ। প্রধানমন্ত্রীকে ঢুকতে দিলে তা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো হতো। নির্বাচন পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতে পারে, বিশ্বের সব দেশেই তাই হয়। তবে প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ হতে হবে। এ সময় তিনি আরও বলেন, একজন মা তাঁর সন্তান হারিয়েছেন, চিকিৎসক যদি তাঁকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখেন, সে ক্ষেত্রে কারও তাঁর সঙ্গে দেখা করা উচিত না। তিনি বলেন, ‘আমি হলেও বলতাম, দেখা করার দরকার নেই।’