সংলাপে বসতে ফের আহ্বান ইইউর

সহিংসতাপূর্ণ রাজনৈতিক অস্থিরতার সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে ইউরোপীয় ইউনিয়ন পুনরায় আহ্বান জানিয়েছে।
আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু এ আহ্বান জানান।
ঢাকার ইইউ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে গুরুত্ব দেওয়া হয়। সহিংসতায় নিরপরাধ লোকজন ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি সহিংসতার নিন্দা জানান। পিয়েরে মায়াদু যেকোনো সহিংসতা প্রত্যাখ্যানের পাশাপাশি সংলাপের ব্যাপারে ইইউর আহ্বান পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ-ইইউ সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি এ সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। পিয়েরে মায়াদু প্রধানমন্ত্রীকে জানান, সামুদ্রিক অর্থনীতি ও ডিজিটাল বাংলাদেশের মতো উদ্যোগগুলোতে ইইউ বাংলাদেশের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের কাজে লাগাতে পারে। এ ধরনের সহযোগিতার ফলে দুই পক্ষই আধুনিকতার নতুন যুগে প্রবেশ করতে পারে।