সংলাপের আহ্বান দুর্বলতা নয়: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আবারও সংলাপে বসার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংলাপের আহ্বান বিএনপির দুর্বলতা নয়। বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে বলেই বারবার সংলাপের আহ্বান জানাচ্ছে।

আজ রোববার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল দাবি করেন, দেশের মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে বাস করছে। মানুষ তাদের সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার, সভা করার অধিকার নেই। সুপরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংসের জন্য সরকার কাজ করছে।

বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। বিভিন্ন নির্বাচনে প্রমাণিত হয়েছে যে এই কমিশন অযোগ্য, অথর্ব। তারা একটি নির্বাচনও সুষ্ঠুভাবে করতে পারেনি। আবারও এ ধরনের কমিশন গঠন করে ক্ষমতাসীনেরা নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিএনপির নেতাদের বিরুদ্ধে এক-এগারোর সময়ে করা মামলাগুলো পুনরুজ্জীবিত করা হচ্ছে। অথচ এক-এগারোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এখন প্রতিটি দ্রব্যের দাম আকাশচুম্বী। সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। ১০ টাকা দরে যে চাল দেওয়া হচ্ছে, তা সরকারি দলের লোকজন নিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

মির্জা ফখরুল দাবি করেন, সরকার রাস্তাঘাটের উন্নয়নের নামে প্রচুর টাকা ব্যয় করছে। এর চার ভাগের তিন ভাগ সরকারি দলের লোকজন নিয়ে যাচ্ছে।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য দেন।