সংলাপের আহ্বান দুর্বলতা নয়: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংলাপে বসতে আবারও সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংলাপের আহ্বান বিএনপির দুর্বলতা নয়। বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে বলেই বারবার সংলাপের আহ্বান জানাচ্ছে।
গতকাল রোববার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার কারাদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে বাস করছে। মানুষ তাদের সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার, সভা করার অধিকার নেই। বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। বিভিন্ন নির্বাচনে প্রমাণিত হয়েছে এই কমিশন অযোগ্য, অথর্ব। তারা একটি নির্বাচনও সুষ্ঠুভাবে করতে পারেনি। আবারও এই ধরনের কমিশন গঠন করে ক্ষমতাসীন দল নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টা করছে।