সংলাপের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা নয়: খালেদা জিয়া
‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার উপযোগী একটি নির্দলীয় সরকার কাঠামোর’ ব্যাপারে সমঝোতায় আসতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এ-ও বলেছেন, বিএনপি সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে না। সংলাপের উদ্যোগ না নিলে তাঁরা রাজপথে নামবেন।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এই সমাবেশের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, বিএনপি দেশে অশান্তি, সংঘাত, রাজপথের উত্তাল আন্দোলনে যেতে চায় না। তবে সব পথ বন্ধ করে দিলে রাজপথ বেছে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। মানুষ সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে বলে মনে করার কোনো কারণ নেই। বিএনপি সংগঠনগুলোকে প্রস্তুত করছে। অন্যান্য সমাজশক্তিগুলোকে সমন্বিত করছে। এই পর্বের পর সংলাপের উদ্যোগ না নিলে দাবি আদায়ে বিএনপিকে শিগগির রাজপথের আন্দোলনে নামতে হবে।
বর্তমান সরকারকে জনপ্রতিনিধিত্বহীন উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সরকার যেভাবে স্বেচ্ছাচারী শাসন চালিয়ে যাচ্ছে, গণতান্ত্রিক ও উদারনৈতিক রাজনৈতিক ধারাকে স্তব্ধ করে দিতে চাইছে, তাতে কেবল উগ্রবাদী ও চরমপন্থী শক্তির উত্থান ও বিস্তারের আশঙ্কাই বাড়তে পারে।
সংবিধানের ষোড়শ সংশোধনীর উদ্যোগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা আরও খর্ব হবে। ন্যায়বিচারের সুযোগ আরও সংকুচিত হয়ে পড়বে।
খালেদা জিয়া বলেন, নীতিমালার নামে সম্প্রচারমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। একের পর এক সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে। আমার দেশ পত্রিকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্যাদুর্গত এলাকায় রাষ্ট্রীয় তেমন কোনো সহায়তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসন। তিনি বিপন্নদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী প্রমুখ বক্তব্য দেন।