সংলাপের বিকল্প নেই: শামসুজ্জামান
নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান। বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের বিকল্প নেই।
আজ সোমবার মাওলনা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মরণ মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় শামসুজ্জামান এ কথা বলেন।
শামসুজ্জামান বলেন, বিএনপির চেয়ারপারসনের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করা কোনো গণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ নয়। তিনি সরকারকে হয় এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করতে অথবা সরকার পক্ষ থেকে আরেকটি প্রস্তাব দিয়ে আলোচনার দ্বার উন্মোচন করার আহ্বান জানান।
বিএনপির এই নেতা বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন মাওলানা ভাসানী। তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, তা আজও প্রতিষ্ঠিত হয়নি। ১৯৪৭ সালের পূর্বে ব্রিটিশবিরোধী আজাদি আন্দোলন, পাকিস্তান প্রতিষ্ঠা, ’৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৭১–এর মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ–পরবর্তী স্বৈরশাসনবিরোধী আন্দোলন, ভারতীয় পানি আগ্রাসনের বিরোধী লংমার্চে নেতৃত্ব দিয়েছেন মাওলানা ভাসানী।
স্মরণ মঞ্চের আহ্বায়ক আ হ ম মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নাজমুল হক, হাবিবুর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টি মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।