সংশোধনী বিল পুনর্বিবেচনার আহ্বান বিএনপির
সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে স্বাক্ষর না করে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফিরিয়ে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান এ আহ্বান জানান।
মোহাম্মদ শাহজাহান দাবি করেন, জোটের ডাকে আজ সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে। জনগণ এই হরতালে সমর্থন দিয়েছে।
কিছু জায়গায় জোটের নেতা-কর্মীদের ওপর পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। তিনি দাবি করেন, আজ বেলা ১১টা পর্যন্ত জোটের অন্তত ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শান্তিপূর্ণ মিছিলে বাধা না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেখানে একটি জলকামান ও পুলিশের সাঁজোয়া যানও রাখা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চার ব্যক্তিকে আটক করে পুলিশ।
কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আজ সারা দেশে সকাল-সন্ধ্যার এই হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।