সংসদ নির্বাচন দুই বছর পর: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন হবে দুই বছর পর। আর এই নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সংসদ নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। এ জন্য তিনি নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতি জনকল্যাণের জন্য। বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতিতে ফিরে এসে জনগণের কল্যাণে রাজনীতি করুক, তা সবারই কাম্য। দেশের মানুষ আর ধ্বংসের রাজনীতি চায় না।

পরে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ শহরের অদূরে শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।