সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আ.লীগের চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা
তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরও সংগঠিত করার অংশ হিসেবে চট্টগ্রামে বিশদ কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের প্রস্তুতি’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে আয়োজিত কর্মশালায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলা ও তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কর্মশালার উদ্বোধন করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি এবং চট্টগ্রাম জেলার নেতারা আলোচনায় অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে সুবিধাবাদীদের কোনো স্থান নেই। তৃণমূলের নেতা–কর্মীরাই দলের প্রাণ। এ জন্য তৃণমূলের সৎ, দক্ষ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন এমন পরিচ্ছন্ন নেতাদের সংগঠনের দায়িত্ব দিতে হবে। সংগঠনকে সুগঠিত করতে বঙ্গবন্ধু যেভাবে কাজ করতেন, নেতা–কর্মীদেরও সেই আদর্শ ধারণ করে কাজ করতে হবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা কর্মশালায় উপস্থিত ছিলেন।