সংসদ বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি: অজি উল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোড়শ সংশোধনী নিয়ে গত রোববার সংসদে প্রাণবন্ত আলোচনা হয়েছিল বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি আওয়ামীপন্থী আইনজীবী মো. অজি উল্লাহ। তিনি বলেন, ষোড়শ সংশোধনীর মামলার শুনানি চলাকালে সংসদে কোনো আলোচনা হয়নি। সংসদ বিচার বিভাগের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করেনি। রায় প্রভাবিত করার চেষ্টাও করেনি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আজ মঙ্গলবার দুপুরে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচিত বিএনপিপন্থী আইনজীবী নেতারা সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের পরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত আওয়ামীপন্থী আইনজীবীরা একই জায়গায় পাল্টা সংবাদ সম্মেলন করেন। সেখানে বলা হয়, বারের সভাপতি জয়নুল আবেদিন ও সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন বিএনপির প্রথম সারির নেতা। তাঁদের সংবাদ সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ সম্মেলনের মাধ্যমে বার কিংবা বিচার বিভাগের কোনো স্বার্থ রক্ষা হয়নি। সংসদের ভেতর আলোচিত কোনো বিষয় নিয়ে বারের ব্যানারে সংবাদ সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা ছাড়া আর কিছু নয়। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রের দুটি স্তম্ভের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছেন, যা অনভিপ্রেত।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. অজি উল্লাহ। ছবি: সাজিদ হোসেন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. অজি উল্লাহ। ছবি: সাজিদ হোসেন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ সহসভাপতি মো. অজি উল্লাহ বলেন, ‘আলোচনা করার জন্য সংসদের কার্যবিধিমালা আছে। সেই বিধি অনুযায়ী সংসদ চলে। ষোড়শ সংশোধনী নিয়ে আইন অনুযায়ী সংসদে আলোচনা হয়েছে। এটা সংসদের আলোচনার বিষয়বস্তু। এ নিয়ে বাইরে আলোচনা বা সমালোচনা করার কিছু নেই। প্রধান বিচারপতিকে নিয়ে সংসদে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের দেওয়া রায় নিয়ে কোনো সাংসদ কথা বলেননি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অজি উল্লাহ। তিনি বলেন, ‘গত রোববার ষোড়শ সংশোধনী বাতিল হওয়া রায়ের আলোচনার সময় সাংসদেরা জিয়াউর রহমানের তীব্র সমালোচনা করেছিলেন। আমরা মনে করি, বারের সভাপতি ও সম্পাদক তাঁদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করেছেন। তাঁদের এ বক্তব্য কোনোভাবে সুপ্রিম কোর্ট বারের বক্তব্য নয়। এ জন্য কার্যনির্বাহী পরিষদের ছয়জন সদস্য সভাপতি ও সম্পাদকের সংবাদ সম্মেলনের বিষয়ে একমত হতে পারিনি। তাঁদের এই সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্ট বারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। বিচার বিভাগ ও সরকারের মধ্যকার সম্পর্ক নিয়ে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’

সংবিধানের যেকোনো সংশোধনী বা এর কোনো বিধান বাতিল করে দেওয়া গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য করে অজি উল্লাহ বলেন, রায়ের পক্ষে বা বিপক্ষে আলোচনা হওয়া খুব স্বাভাবিক। রায় ঘোষণার পর বিভিন্ন গণমাধ্যমে আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞরা রায়ের পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন, যা তাঁদের বাক্‌স্বাধীনতার মধ্যে পড়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহসম্পাদক শফিকুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান হাবীব, নুরে আলম উজ্জ্বল ও কুমার দেবল দে।