সংসদ ভেঙে অন্তর্বর্তী সরকার চায় জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্দিষ্ট সময়ে সংসদ ভেঙে দিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের আনুপাতিক প্রতিনিধিদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। এ ছাড়া নির্বাচনের সময় সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করাসহ আট দফা প্রস্তাব দিয়েছে দলটি।

আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) ভবন মিলনায়তনে ২৬ জন প্রতিনিধি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের পক্ষে এসব প্রস্তাব তুলে ধরেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সংলাপে সভাপতিত্ব করেন।

জাতীয় পার্টির প্রস্তাবগুলো হলো নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে এবং কমিশনের ওপর অন্তর্বর্তী সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না, তফসিল ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনে কোনো বিতর্কিত কর্মকর্তাকে দায়িত্বে রাখা যাবে না, নির্বাচনী ব্যয় ২০ লাখ টাকা পর্যন্ত সীমিত রাখা এবং প্রচারকাজে গাড়িবহরের ব্যবহার সীমিত রাখতে হবে, বারবার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ না করে ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে হবে, নির্বাচনের সময় প্রয়োজনে সংবিধানের ধারা-উপধারা সংশোধন করে স্থানীয় সরকার, সংস্থাপন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের আওতায় আনতে হবে এবং প্রার্থীকে ভোট না দিয়ে দলকে ভোট দেওয়ার ব্যবস্থা করে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনা।

গত ৩১ জুলাই সুশীল সমাজ এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। ১৯ অক্টোবর সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে।