সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সীমানা ২০০৮ সালের আগের অবস্থায় ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে বিএনপি।
আজ রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধিদল এ দাবি জানিয়েছে।

বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, এক-এগারোর সময় ৩০০ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। ১৩৩ আসনে ব্যাপকভাবে কাটাছেঁড়া করা হয়। এ বিষয়গুলো নির্বাচন কমিশনকে বলা হয়েছে। সীমানা আগের অবস্থায় ফিরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে।

খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনের আগে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে সরকারকে চাপে রাখতে ইসির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘আমরা এক পক্ষের (বিএনপি) কথা শুনেছি। আমরা সবার সঙ্গে কথা বলব। এরপর সীমানা নির্ধারণে জটিলতা দূর করে সীমানা পুনর্বিন্যাস করা হবে।’ সরকারকে চাপে রাখা প্রসঙ্গে সিইসি বলেন, এটা ইসির কাজ নয়। ইসি আইন অনুযায়ী কাজ করবে।