সংসদে আজ নারীরা অপমানিত হচ্ছে: খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমান অগণতান্ত্রিক ও অনির্বাচিত’ সরকারের লোকদের হাতে নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। জাতীয় সংসদেও আজ নারীরা অপমানিত হচ্ছে।
আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বিকল্প ধারা বাংলাদেশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে ইঙ্গিত করে খালেদা জিয়া এ কথা বলেন।
গত ২৯ জুন সংসদে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পদে থাকা নারীদের ‘শোপিস’ বলেন এরশাদ। এর উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘যখন সংসদে স্বঘোষিত বিরোধী দল, যেখানে তাঁর বউ হয়েছে লিডার অব দ্য অপজিশন, বিনা নির্বাচনেও হলে লিডার অব দ্য হাউস এবং বিরোধী দলীয় নেতা দুজনই মহিলা। সেখানে যদি বলা হয় মহিলা সব শো পিস। অথচ দেশের ৫০ ভাগ নারী। সে দেশের মা-বোনকে কীভাবে অপমান করা হয়? ’ তিনি বলেন, যে লোক মানুষকে সম্মান দিতে জানে না, মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের নিয়ে যারা দল করে তারা কোনো দিন এ দেশের মানুষকে সম্মান দিতে পারবে না। গণতন্ত্রও আনতে পারবে না।
খালেদা জিয়া বলেন, ‘দেশের অবস্থা আজ কি তা সবাই জানেন। মানুষ এখন জাতীয়তাবাদী শক্তির দিকে তাকিয়ে আছে। আজ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আমরা বলি না, মারামারি, খুনোখুনি, ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতায় যাব, জিতব। আমরা অমুক হব, তমুক হব, সেটা নয়। সবার অংশগ্রহণে সত্যিকারের সুষ্ঠু নির্বাচন হতে হবে। সেখানে যারাই জিতবে, তারাই সরকার গঠন করবে।’ তিনি বলেন, ‘এখানে বিভেদ-বিভাজন নয়, সব শক্তিকে ঐক্যবদ্ধ করলেই আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব। তখনই মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, তা বাস্তবায়ন করতে পারব।’
গত ২৯ জুন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ পদে থাকা নারীদের ‘শোপিস’ বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তাঁর এ বক্তব্যে তাৎক্ষণিক তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে নারী সাংসদেরা একযোগে সমস্বরে প্রতিবাদ করেন।
এইচ এম এরশাদের এই মন্তব্যের জন্য তাঁর স্ত্রী সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
অবশ্য নারী সাংসদদের তীব্র প্রতিবাদের মুখে এরশাদ তাৎক্ষণিকভাবেই বলেন, ‘ঠিক আছে, যদি কথাটা বলে থাকি, তবে তা প্রত্যাহার করে নিচ্ছি।’ তাঁর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী ‘শোপিস’ শব্দটি কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, জিয়াউর রহমান অসাধারণ একটি রাজনীতির মাধ্যমে কোটি কোটি মানুষকে বিদ্যুৎস্পৃষ্টের মতো জাগিয়েছেন, সেই মানুষটির রাজনীতিকে কেউ ক্ষতবিক্ষত করার চেষ্টা করলে বেদনায় মন ভরে যায়। তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষুদ্র-তুচ্ছ, ভুল-ভ্রান্তি ও ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না। আর হিংসা করে কেউ কখনো বড় হয় না।’
ইফতারে রাজনীতিক, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে আছেন জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আ স ম আবদুর রব, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাংবাদিক মাহফুজউল্লাহ, বিএনপির নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মুফতি ফয়েজুল্লাহ, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।