সংসদে জাপার ভূমিকা প্রশংসনীয়: কুয়েতের রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এ এইচ হায়াত বলেছেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি (জাপা) পার্লামেন্টে যে ভূমিকা রেখে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। ৩০ বছর আগে একজন নবীন কর্মকর্তা হিসেবে যে বাংলাদেশকে তিনি দেখেছেন আজকের বাংলাদেশ তাঁর কাছে অচিন্তনীয়, উন্নত ও সমৃদ্ধ। 

আজ সোমবার গুলশানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বাসভবনে তাঁর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূত বৈঠক করেন। বৈঠকে কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এ এইচ হায়াত এসব কথা বলেন বলে বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কুয়েতের রাষ্ট্রদূত বলেন, মুসলিমপ্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশে যেভাবে নারীর ক্ষমতায়ন হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির পরিচায়ক। উপসাগরীয় যুদ্ধের সময় বাংলাদেশ যেভাবে কুয়েতের পাশে দাঁড়িয়েছিল তা সহজে ভোলবার নয়।
সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাংলাদেশ-কুয়েতের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কুয়েত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।
সাক্ষাৎকালে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাংসদ ফখরুল ইমাম, সেলিম উদ্দীন, রওশন আরা মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।