সংসদে ডেইলি স্টার বন্ধের দাবি কয়েকজন সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার বন্ধ করে দেওয়ার দাবি করেছেন কয়েকজন সাংসদ। তাঁরা পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামের পদত্যাগ এবং বিচারও দাবি করেন। গতকাল রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় সাংসদেরা এই দাবি তোলেন।
সরকারি দলের সাংসদ ফজলে নূর তাপস বলেন, কয়েক দিন আগে ডেইলি স্টার সম্পাদক অকপটে স্বীকার করেছেন, ওয়ান-ইলেভেনের সময় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন ডিজিএফআইয়ের পাঠানো মিথ্যা, বানোয়াট ও সাজানো দুর্নীতির গল্প যাচাই না করেই তিনি ছাপিয়েছেন। এ জন্য মাহ্ফুজ আনামের পদত্যাগ ও পত্রিকাটি অনতিবিলম্বে বন্ধ করে দেওয়ার দাবি জানান তাপস। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহ মামলা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তিনি।
ফজলে নূর তাপস আরও বলেন, ডেইলি স্টার-এর মালিক লতিফুর রহমান একজন দুর্নীতিবাজ। সন্ত্রাসী বাহিনী উলফার সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। এঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আশু প্রয়োজন।
স্বতন্ত্র সাংসদ ও আওয়ামী লীগের নেতা হাজি মো. সেলিম বলেন, দেশের মূলধারার অনেক সম্পাদক-মালিক স্রোতের বিপরীতে গা ভাসিয়ে দেন। তাঁরা মনে করেছিলেন, ওয়ান-ইলেভেন এসেছে, এটা কমপক্ষে ১০ বছর চলবে। এ জন্য কোনো কোনো পত্রিকার মালিক-সম্পাদক ডিজিএফআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী প্রতিদিন খবর ছাপতেন। মাহ্ফুজ আনাম তাঁদেরই একজন। যাঁরা ওয়ান-ইলেভেনে সহযোগিতা করেছিলেন, তাঁদের বিচারের আওতায় আনা দরকার।
শামসুল হক টুকু বলেন, গণমাধ্যমের কাজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। কিন্তু এক-এগারোতে দেখলাম উল্টো। তারা শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিতাড়িত করতে চেয়েছিল। সেদিন মাহ্ফুজ আনামদের ষড়যন্ত্র বাস্তবায়িত হলে বাংলাদেশের আজকের উন্নয়ন হতো না। তিনি যত বড় শক্তিশালী সাংবাদিকই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘মিথ্যার বেসাতি দিয়ে সাজানো খবরের ডালা ব্যক্তি ও জাতির ক্ষতি করলে কী হবে, গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। তিনি বিচার হওয়ার আগেই রায় পড়ে ফেলেছেন। তাই তাঁর পদত্যাগ করা উচিত। থুক্কু বলে পার পাওয়া যাবে না।’
তাহজীব আলম সিদ্দিকী বলেন, ‘মাহ্ফুজ আনামকে নিয়ে আমি কথা বলব না। কারণ, সেদিন ভয়ে অনেকে বিবেককে জলাঞ্জলি দিয়েছিলেন। আজকে এই সংসদে সদর্পে বসে আছেন যাঁরা, সেদিন যাঁরা বাধ্য হয়ে বিবেককে জলাঞ্জলি দিয়ে সত্যের অপলাপ করেছিলেন।’ তাঁর বক্তব্যের এ পর্যায়ে স্পিকার বলেন, ‘আপনি কোন বিষয়ে কথা বলবেন?’ তাহজীব আলম তখন প্রসঙ্গ পরিবর্তন করেন।
মাহ্ফুজ আনামকে নিয়ে আরও বক্তব্য দেন সাংসদ আবু সাঈদ আল মাহমুদ, ওয়ারেসাত হোসেন বেলাল ও নূর জাহান বেগম।