সংসদে পদ্মা সেতু নিয়ে নূরের আবৃত্তি, মমতাজের গান
জাতীয় সংসদে এবারের বাজেট আলোচনায় প্রাধান্য পেয়েছে পদ্মা সেতু। সরকারি দল ও বিরোধী দলের প্রায় সব সংসদ সদস্যের বক্তব্যেই ঘুরেফিরে কোনো না কোনোভাবে এসেছে পদ্মা সেতু প্রসঙ্গ। বক্তব্যের পাশাপাশি পদ্মা সেতু নিয়ে গান ও কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন সরকারি দলের দুজন সংসদ সদস্য।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কবিতা আবৃত্তি করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আর কয়েকটি গানের অংশবিশেষ গেয়ে শোনান সংসদ সদস্য মমতাজ বেগম।
বাজেট আলোচনায় নিজের বক্তব্যের শেষে কবি কামাল চৌধুরীর কবিতা ‘পদ্মা সেতু’ আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। ‘অসম্ভবের পাশে ফুটে উঠছে আলো/ সে আলোতে হাত বাড়িয়ে দিয়েছে দূরের আকাশ/ টেউয়ের মাথায় আজ রাতের তারার মাতামাতি/ দ্যাখো সূর্যোদয় ও জোৎস্নায় আমরা পার হয়ে যাচ্ছি সেতু/ আমাদের এই গল্প শেখ হাসিনার হাতে এখন/ ইতিহাস হয়ে গেছে…’
আসাদুজ্জামান নূরের ভরাট কণ্ঠের এই আবৃত্তি শুনে টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সংসদ সদস্যরা।
অন্যদিকে সরকারি দলের সংসদ সদস্য মমতাজ পদ্মা সেতু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনটি গানের অংশবিশেষ গেয়ে শোনান। মমতাজ প্রথমে গেয়ে শোনান, ‘আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যাঁর নাই/ এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই।’
মমতাজ তাঁর বক্তব্যে বিএনপির সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আরেকটি গান শোনান, ‘চাই না গয়না চাই না শাড়ি/ নৌকাতে ভোট না দিলে যাব চলে বাপের বাড়ি।’ তাঁর এই গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেবিল চাপড়াতে দেখা যায়।
মমতাজ বলেন, তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠান করতে যান। সেখানে ‘পাঙ্খা পাঙ্খা’ গানের সঙ্গে একটা মেয়েকে নাচতে দেখেন। পরে ওই মেয়ের সঙ্গে তিনি কথা বলেন। মেয়েটি তাঁর সঙ্গে সেলফি তুলতে এলে তিনি জানতে চান, ‘তুমি কি নাচ শিখেছ?’ তখন মেয়েটি তাঁকে বলে, ‘আপনি আমার বাবাকে চিনবেন। তিনি আপনার কলিগ।’ এরপর মমতাজ মেয়েটির বাবা কে তা জানতে চান। তখন মেয়েটি জানায়, তাঁর বাবা হারুনুর রশীদ সাহেব (বিএনপির সংসদ সদস্য)।’
এ সময় সংসদে হাসির রোল ওঠে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ সময় হাসতে দেখা যায়।
বক্তব্যের শেষের দিকে বিরোধী দলের দিক থেকে মমতাজকে আরও একটি গান গেয়ে শোনানোর অনুরোধ আসে। তখন মমতাজ বলেন, ‘আরে আপনি শুনতে চেয়েছেন, আমি গাইব না?’ এরপর তিনি গেয়ে ওঠেন, ‘সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার/ যাতায়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার।’