সংসদে মাহ্ফুজ আনামের সমালোচনা অব্যাহত
জাতীয় সংসদে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামকে নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার এই সম্পাদকের সমালোচনা করে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে আইন প্রণয়নের দাবি করেন আওয়ামী লীগের সাংসদ হাছান মাহমুদ। আর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মাহবুব উল আলম হানিফ। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনায় দুই সাংসদ এ দাবি করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিদেশে সাংবাদিকেরা ভুল করলে পদত্যাগ করে থাকেন। মাহ্ফুজ আনাম ওয়ান-ইলেভেনে শেখ হাসিনা সম্পর্কে ভুল সংবাদ প্রচার করেছিলেন। সে জন্য তিনি ভুল স্বীকার করেছেন। কিন্তু তিনি পদত্যাগ করেননি। মন্ত্রী-সাংসদ ভুল করলে জেলে যেতে হয়। পত্রিকার সংবাদে আমাকে জনগণের সামনে হেয় করা হলো। তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? হলুদ সাংবাদিকতা প্রতিরোধে এবং হলুদ সাংবাদিকতা থেকে নাগরিকের সুরক্ষার জন্য আইন প্রণয়নের দাবি করছি।’
আওয়ামী লীগের অপর সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেন, মাহ্ফুজ আনাম সত্যতা যাচাই না করে খবর পরিবেশন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। তাঁকে জেলে যেতে হয়েছিল। মাহ্ফুজ আনাম ষড়যন্ত্রের অংশ হিসেবে খবর পরিবেশন করেছিলেন। তিনি শুধু চাপিয়ে দেওয়া ওই সংবাদ পরিবেশন করে ক্ষান্ত হননি। সভানেত্রীকে বিষোদ্গার করে অনেক সম্পাদকীয় কলাম লিখেছিলেন। এর কী জবাব দেবেন? তিনি কি এটা বলবেন যে ওনার সম্পাদকীয় কলামও চাপিয়ে দেওয়া ছিল? কাজেই তাঁর দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
মাহ্ফুজ আনামের দায়মুক্তির সুযোগ নেই মন্তব্য করে হানিফ বলেন, ভুল স্বীকারই শেষ নয়। ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের ভুল না করতে পারে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।