সংসদে যেতে চান লতিফ সিদ্দিকী
সাংসদ আবদুল লতিফ সিদ্দিকী আসন্ন সংসদ অধিবেশনে যোগ দিতে চান। স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ১৯ জানুয়ারি দশম সংসদের পঞ্চম অধিবেশন বসছে।
মন্ত্রিসভা ও ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই সাংসদ চিঠিতে বলেছেন, মামলাগুলো জামিনযোগ্য হলেও তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। কিন্তু এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে তিনি অধিবেশনে যোগ দিতে চান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারের মাধ্যমে গত সোমবার লতিফ সিদ্দিকী স্পিকারের উদ্দেশে এই চিঠি পাঠান। আবেদনটি কারাগার থেকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
যোগাযোগ করা হলে সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল বলেন, ‘সাংসদ হিসেবে আমরা তাঁকে জাতীয় সংসদে আসার আমন্ত্রণ জানাতে পারি। কিন্তু তিনি যদি কোনো মামলার কারণে কারাগারে থাকেন বা ডিটেনশনে থাকেন, তাহলে তাঁকে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে, সংসদের কাছ থেকে নয়। আমরা নিয়মানুযায়ী তাঁকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্যারোলে তাঁকে সংসদে যাওয়ার সুযোগ দিতে পারে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় থেকে লতিফ সিদ্দিকীকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না। বিষয়টি আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে।
লতিফ সিদ্দিকী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গত বছরের ২৩ নভেম্বর ঢাকায় ফেরেন। এর দুই দিন পর ২৫ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ওই দিনই তাঁকে কারাগারে পাঠান।
গত বছরের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সেখানকার টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়ে লতিফ সিদ্দিকী পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে কটাক্ষ করে বক্তব্য দেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তাঁকে মন্ত্রিসভা ও দল থেকে বাদ দেওয়া হয়।