সংসদে রানা দাশগুপ্তের সমালোচনা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুল মজিদ খান প্রশ্ন রেখে বলেছেন, পাকিস্তান যেভাবে কথা বলে, সেই ভাষায় তিনি কথা বলছেন কেন? তাঁর কথায় বাংলাদেশে কিসের উসকানি দেওয়া হচ্ছে।
গতকাল শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাওয়ার বিষয়ে রানা দাশগুপ্তের বক্তব্যের প্রতিক্রিয়ায় মজিদ খান এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আবদুল মজিদ খান বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রস্তাবিত বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য ২০০ কোটি টাকা বিশেষভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।
বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাসদের একাংশের সাধারণ সম্পাদক সাংসদ নাজমুল হক প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। তিনি বলেন, ‘দেশের টাকা যদি বিদেশে পাচার হয়ে যায়, আর আমরা যদি সেটা ঠেকাতে না পারি, তাহলে বাজেট করে কী হবে।’ তিনি বলেন, প্রচুর টাকা বাইরে পাচার হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা আছে। সংসদে অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকের টাকার সাগরচুরি হয়েছে। তাঁর কথাতেই আর্থিক প্রতিষ্ঠানের বিশৃঙ্খলার চিত্র ফুটে উঠেছে।