সংসদে হাত দেওয়ার অধিকার কারও নাই: নাসিম
ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৬ কোটি মানুষের সংসদ, এই সংসদে হাত দেওয়ার অধিকার কারও নাই। একমাত্র জনগণ ছাড়া। আদালত যত বড়ই হোক, আদালতের হাত এত বড় লম্বা হয় নাই যে সংসদকে ছুঁতে পারে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি কোনো রায় নিয়ে কথা বলতে চাই না। শ্রদ্ধা রেখে বলতে চাই, এই সংসদ জনগণের সংসদ। ১৬ কোটি মানুষের সংসদ। এই সংসদে হাত দেওয়ার অধিকার কারও নাই।’
সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য দেন।