সংসদের এই অধিবেশনেই আইন চায় জেএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের আগামী অধিবেশনেই নির্বাচন কমিশন গঠনের স্থায়ী ব্যবস্থা হিসেবে সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। একই সঙ্গে সংসদে উচ্চকক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকারের বিধান এবং ওই সরকারের পরামর্শেই ইসি গঠন করার দাবি জানিয়েছে দলটি।

গতকাল শনিবার বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে জেএসডি এসব দাবি জানায়। বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে তিন দফা প্রস্তাব দেয় দলটি।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় জেএসডির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির সভাপতি আ স ম আবদুর রব। আলোচনা শেষে বঙ্গভবনের প্রধান ফটকের সামনে তিনি সাংবাদিকদের বলেন, ‘সংসদের অধিবেশন বসছে। ৫ মিনিট লাগছে বাকশাল করতে। এখন ৫ মিনিট লাগবে আইনটা করতে। আইনটা করে রাষ্ট্রপতিকে হ্যান্ডেলটা দিন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘আমরা ওই তত্ত্বাবধায়ক সরকার চাই না। কারণ ওই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত এবং জবাবদিহিমূলক নয়।’

রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি জেএসডির প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানান এবং নির্বাচন কমিশন গঠন-সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়া ও গঠনমূলক প্রস্তাব দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যও জরুরি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।