সংস্কৃতিচর্চাকারী সাম্প্রদায়িক হতে পারে না: সংস্কৃতিমন্ত্রী

যে ব্যক্তি সংস্কৃতিচর্চা করেন, তিনি কখনো রক্ষণশীল কিংবা সাম্প্রদায়িক হতে পারেন না বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ‘আমি যখন দেখি একটি শিশুর কাঁধে ভারী ব্যাগ, তারপর স্কুল, অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক-এসবের চাপে তার শৈশবটাই তো থাকে না। এদের জীবনে তাহলে কোথায় সেই নদ-নদী, ফুল-পাখি, নাচ-গান-ছড়া-কবিতা-গল্প? আমরা কি তাদের মানবিক জীবন দিচ্ছি? একটি বিষয় আমি বারবার বলি, সেটা হলো জিপিএ-৫ নির্যাতন। এর চাপে পড়ে ছেলেমেয়েদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এসব নিয়ে আমি শঙ্কিত। আমরা ছেলেমেয়েদের সুন্দর জীবন দিচ্ছি না।’
মন্ত্রী রাজধানীর হাতিরঝিল এলাকায় সরকারের একটি সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতাকে রুখতে পারে সংস্কৃতি। যে মানুষ সংস্কৃতিচর্চা করে, সে কখনো রক্ষণশীল হতে পারে না, সাম্প্রদায়িক হতে পারে না।’
সভায় আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা উপজেলা পর্যায়ে মুক্তমঞ্চ তৈরি করছি। সেখানে মুক্তমঞ্চ, ড্রেসিং রুম ও মহড়াকক্ষ থাকবে। ভবিষ্যতে যেন সেখানে মিলনায়তন নির্মাণ করা যায়, তার জন্য কিছু জায়গা খালি রাখা হয়েছে।’ ১০ কোটি টাকা নিয়ে শিল্পীকল্যাণ তহবিলের যাত্রা শুরু হতে যাচ্ছে বলেও তিনি জানান।
সংস্কৃতি অঙ্গনের অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘যেখানেই যাই শুনি, এটা নাই, ওটা নাই। ১০-১৫ বছরে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। একসময় অনেক সুযোগসুবিধা না থাকলেও আমরা সংস্কৃতিচর্চা করেছি। এখন প্রতিটি জেলায় শিল্পকলা একাডেমী আছে, সুযোগসুবিধা আছে। সব জেলায় পাবলিক লাইব্রেরি আছে, কিন্তু পাঠক নেই। এখন সবচেয়ে অভাব সংস্কৃতিচর্চার মানুষদের।’ এর সঙ্গে মন্ত্রী যোগ করলেন, ‘শৈশব থেকেই সংস্কৃতিচর্চা শুরু করা উচিত, সেটা শুরু করতে হবে পরিবার থেকেই। যারা সমাজ নির্মাণ করবে, দেশ গড়বে, তাদের তো সংস্কৃতি বোধসম্পন্ন হতে হবে। টক শোতে এসব নিয়ে আলোচনা করা জরুরি।’
বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, সংগীতশিল্পী শচীন দেব বর্মণের বাড়িতে কালচারাল কমপ্লেক্স ও চট্টগ্রামের মুসলিম হলে কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ ছাড়া ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম নির্মাণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে তাঁদের দাবির কথা জানান এবং মন্ত্রী সেগুলো পূরণের আশ্বাস দেন।