সওজের মূল্যবান জমি দখলে নিলেন আ.লীগ নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ঝাউতলা সায়মন সড়কে গতকাল বৃহস্পতিবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৩০ কোটি টাকা দামের ২৬ শতক মূল্যবান জমি দখলে নিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় সওজের কর্মচারীদের কার্যালয় ও বাসাবাড়িতে ভাঙচুর ও আসবাবপত্র লুট করা হয়।
জমি দখলে নেতৃত্ব দিয়েছেন কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগের সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী।
স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুর ১২টার দিকে চার শতাধিক লোক নিয়ে মোস্তাক আহমদ চৌধুরী সায়মন সড়কের পৌষী রেস্তোরাঁর সামনে যান। এরপর লোকজন লাঠিসোঁটা ও শাবল নিয়ে রেস্তোরাঁর বিপরীত দিকের বাউন্ডারি ওয়ালের ভেতরে সওজ কর্মচারীদের টিনের আধা পাকা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে সওজের জমি দখলে নেন। এ সময় দুর্বৃত্তরা কর্মচারীদের বসতবাড়িতে ঢুকে মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি দখলের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী কে এম নূর-ই আলম প্রথম আলোকে বলেন, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীর নেতৃত্বে ৪০০-৫০০ নারী-পুরুষ গতকাল সড়ক বিভাগের মূল্যবান জমিটি দখল করে নিলেন। ১৯৬৪ সাল থেকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা ২৬ শতক জমি সওজ ব্যবহার করে আসছে। বিনা নোটিশে লাঠিয়াল বাহিনী দিয়ে সরকারি জমি দখলের ঘটনা হতবাক করে দিয়েছে। জমি দখলের পর দুর্বৃত্তরা সেখানে আবাসিকে থাকা কর্মচারীদের বাসাবাড়ি ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে।
নির্বাহী প্রকৌশলী বলেন, ‘সওজের জমি দখলের ব্যাপারে সড়ক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে জানিয়েছি। তিনি ক্ষতি নিরূপণ করে দখলদারদের বিরুদ্ধে থানায় মামলা করতে নির্দেশ দিয়েছেন।’
এ প্রসঙ্গে মোস্তাক আহমদ চৌধুরী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এই জমি ৭০ বছর ধরে অবৈধ দখলে ছিল। জমি উদ্ধারে আদালতে মামলা করি। অবশেষে আদালতের নির্দেশে প্রশাসনের সহায়তায় জমিটি দখলে নেওয়া হলো।’ এ জন্য তিনি প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। তিনি ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, জমি দখলে সহযোগিতা নয়, আদালতের নির্দেশে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছিল।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী বলেন, ‘আমি কাউকে জমি দখলে সহযোগিতা করতে যাইনি। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সেখানে গিয়েছিলাম।’