সকালে আওয়ামী লীগ, বিকেলে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় প্যান্ডেল না করার শর্তে সমাবেশ করার অনুমতি পেয়েছে চট্টগ্রাম নগর বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এই সমাবেশ হবে। ৫ জানুয়ারির নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি এই সমাবেশের আয়োজন করছে। বিএনপি দিনটি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করছে।
এদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগও আজ সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করবে। ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে দিনটি পালন করবে আওয়ামী লীগ।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা লালদীঘি মাঠে সমাবেশ করতে চেয়েছি। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। তবে আমাদের দলীয় কার্যালয়ের মুখে সমাবেশ করার অনুমতি পেয়েছি। রাস্তায় প্যান্ডেল করা যাবে না এবং কোনো নেতা-কর্মী রাস্তায় জড়ো হতে পারবে না—এই শর্তে অনুমতি দিয়েছে পুলিশ।’ তিনি বলেন, আবদুল্লাহ আল নোমান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন।