সকালে প্রচার শুরু বিকেলে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্তের কুয়াশাভেজা সকালে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান কুমিল্লার বরুড়া পৌরসভার মেয়র প্রার্থীরা। পাশাপাশি চলে পোস্টার লাগানোর কাজ। বেলা দুইটার পর শুরু হয় মাইকিং।
গতকাল বুধবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত মেয়র প্রার্থী ও তাঁদের অনুসারীদের সঙ্গে ওই নির্বাচনী এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। কিন্তু বিকেলের পর এ দৃশ্য বদলে যায়। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কারণে ওই তিন প্রার্থী সব ধরনের প্রচার বন্ধ করে দেন।
খুব ভোরে পৌর এলাকার মৌলভীবাজার থেকে প্রচারের কাজ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বাহাদুরুজ্জামান। তিনি একে একে নয়নতলা, তলাগ্রাম ও বাগমারা এলাকায় যান। একই সময়ে তাঁর অনুসারীরা পৌরসভার বিভিন্ন এলাকায় পোস্টার টানানো শুরু করেন।
সকাল ১০টায় পৌরসভার কাসেড্ডা এলাকার কালীবাড়ি থেকে প্রচারকাজ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী। তিনি ওই গ্রামের নারায়ণ পালের বাড়ি থেকে প্রচারণায় অংশ নেন। বেলা দুইটায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তাঁর পক্ষে মাইকিংয়ের শব্দ শোনা গেছে। প্রচারণার সময় তিনি বলেন, ‘গতবারের মতো এবারও পৌরবাসী আমাকে রায় দেবেন। দল ও পৌরবাসী আমার পক্ষে এককাট্টা। সুষ্ঠু নির্বাচন হলে আমার জয় সুনিশ্চিত।’
জাতীয় পার্টির প্রার্থী এম এ ওয়াদুদ মিয়াজী উপজেলা কমপ্লেক্স ও বরুড়া বাজারে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। বেলা তিনটায় তাঁর সমর্থনে বরুড়া বাজারে মাইকিং শুরু হয়। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তাঁর পোস্টার বেশি চোখে পড়েছে।
বরুড়া উপজেলা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, গত মঙ্গলবার গভীর রাত থেকেই লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থীর পোস্টার লাগানো হয়। আচরণবিধি মেনেই পোস্টার লাগানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. লুৎফুন নাহার নাজীম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার সকাল থেকেই এখানকার মেয়র প্রার্থীরা প্রচারণা শুরু করেন। বিকেলে কমিশন প্রচারণা স্থগিত করার নির্দেশ দেয়। এরপর এখানেও প্রচারণা বন্ধ করা হয়।