সকালে বিষোদগার করে রাতে নাছিরের বাসায় মহিউদ্দিন

মেয়র নাছিরসহ চারজন বন্দর লুটেপুটে খাচ্ছে—গতকাল বুধবার সকালে এক শ্রমিক সমাবেশে এ অভিযোগ তোলার পর রাত সোয়া নয়টায় মেয়র নাছিরের আন্দরকিল্লার বাসায় যান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এর আগে মেয়রের বাসায় যান চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ চার নেতা। মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁদের স্বাগত জানান।
রাত সাড়ে ১০টার পর মেয়রের বাসা থেকে এক এক করে বেরিয়ে যান নেতারা। দলীয় সূত্র জানায়, ১২ নভেম্বর নগরের লালদীঘি ময়দানের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বৃহত্তর চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ছয় নেতা আলোচনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যাপক লোকসমাগম ঘটানোর বিষয়ে তাঁরা আলোচনা করেন। এ জন্য আজ বৃহস্পতিবার থেকে নগরে মাইকিং করারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আলোচনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ ছালাম এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। মেয়র নাছির উদ্দীন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘লালদীঘি ময়দানে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং চট্টগ্রামের কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে। বড় জমায়েত করে কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা দেওয়া হবে।’
ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, উপদেষ্টাদণ্ডলীর তিন সদস্য অনুপম সেন, ইসহাক মিয়া ও প্রণব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং সদস্য দীপঙ্কর তালুকদারকে শনিবার লালদীঘি ময়দানে সংবর্ধনা দেওয়া হবে।