পৌরসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে ২ হাজার ২৯ জন সন্ত্রাসী সক্রিয় রয়েছে। তাদের ধরতে কাল সোমবার থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করবে। সন্ত্রাসীদের তালিকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তুলনায় বিএনপির সন্ত্রাসী দ্বিগুণেরও বেশি। যৌথ বাহিনীর দলে পুলিশ, র্যাব, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন থাকবে। নির্বাচন কমিশনে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া নির্বাচনের আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খসড়া পরিপত্রে বলা হয়েছে, পৌরসভা নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এ জন্য এই দুই বিভাগের ৬৯টি পৌরসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্ত্রাসীদের এই তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী বা কোথায় কোন অঞ্চলে নাশকতা বা হামলার আশঙ্কা আছে, সেটা সরকারের গোয়েন্দা সংস্থা চিহ্নিত করে থাকে। সেই অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিয়ে থাকে। ইতিমধ্যে এসব প্রতিবেদন মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হয়েছে।
৩০ ডিসেম্বর দেশের ২৩৩টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে ২ হাজার ২৯ জন সন্ত্রাসী সক্রিয় রয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগের ৫৬১ জন এবং বিএনপির ১ হাজার ১২১ জন রয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর ২১১ জন, জাতীয় পার্টির ৪, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ১, জনসংহতি সমিতির (জেএসএস) ১০ ও অন্যান্য ১২১ জন সন্ত্রাসী আছে। সন্ত্রাসীদের ৬৩৭ জন আশ্রয়দাতা ও গডফাদার রয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগের ২১১ জন, বিএনপির ৩১২, জামায়াত-শিবিরের ৭৭, পিসিপির ১, জেএসএসের ১ ও অন্যান্য ৩৫ জন রয়েছেন। সন্ত্রাসীদের কাছে পাইপগান, রিভলবার, বন্দুক, পিস্তল ও কাটা রাইফেল রয়েছে। এসব ব্যবহার করে তারা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করবে।
জঙ্গি হামলার আশঙ্কা: কমিশন সচিবালয়ের তথ্যানুযায়ী ৩০ ডিসেম্বর রংপুর বিভাগের ২০টি এবং রাজশাহী বিভাগে ৪৯টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। সাম্প্রতিক জঙ্গি তৎপরতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ও রংপুর বিভাগে জঙ্গি হামলা হতে পারে। এ জন্য বিভিন্ন সমাবেশ, পথসভা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, পৌরসভার বাসিন্দা বা ভোটার নন—এমন ব্যক্তিদের কাল ২৮ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১২টার মধ্যে নির্বাচনী এলাকা ছেড়ে যেতে হবে। এলাকার বাসিন্দা নন—এমন ব্যক্তিরা নির্বাচনী এলাকায় অবস্থান করলে পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একই সময় থেকে নির্বাচনে সব ধরনের প্রচারকাজও বন্ধ হয়ে যাবে।