টাঙ্গাইলের সখীপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মির্জাপুর উপজেলার ছয়টি ইউপির মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। আগামী ১৬ এপ্রিল এসব ইউপিতে ভোট হবে।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন বলেন, গত শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা বিজ্ঞপ্তিতে গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আবদুল মান্নান ও দাড়িয়াপুর ইউনিয়নে আনছার আলী আসিফের নাম ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, তাঁদের দল থেকে গজারিয়া ইউনিয়নে গোলাম মোস্তফা ও দাড়িয়াপুর ইউনিয়নে কবির হাসানের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সভা করে দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহিরুল ইসলাম তিনটি ইউপিতে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন বহুরিয়াতে মামুন অর রশিদ, আজগানায় আব্দুস সাত্তার ও তরফপুরে ফজলু মিয়া।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সহসভাপতি ছিবার উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ উপস্থিত ছিলেন।