সখীপুরে বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির আজ সোমবারের সম্মেলন ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল রোববার বিকেলে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবের নেতৃত্বে একটি পক্ষ সম্মেলন বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ করে।
একই দিন সন্ধ্যায় সম্মেলন সফল করার লক্ষ্যে আহমেদ আযমের নেতৃত্বে বিএনপির একটি বড় অংশ মিছিল ও সমাবেশ করে।
খোঁজ নিয়ে জানা যায়, সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রধান অতিথি ও আহমেদ আযম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলন বাতিল দাবি করে শেখ মোহাম্মদ হাবিবের নেতৃত্বাধীন একটি পক্ষ গত শনিবার ও গতকাল মিছিল ও সমাবেশ করে। গতকাল বিকেলে তারা আহমেদ আযমের কুশপুত্তলিকা দাহ করে।
আহমেদ আযম খান মুঠোফোনে বলেন, ‘আজকের সম্মেলন অবশ্যই সফল হবে। শেখ হাবিবের সঙ্গে যাঁরা রয়েছেন তাঁরা কেউ বিএনপি করেন না। তাঁরা আওয়ামী লীগের দোসর।’