সড়ক দখল করে যুবলীগের সম্মেলন প্রস্তুতি, দুর্ভোগ

দীর্ঘ ১২ বছর পর আজ শনিবার রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য গতকাল শুক্রবার বিকেল থেকে নগরের সাহেব বাজার-তালাইমারী সড়ক বন্ধ করে দিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আলুপট্টির মোড় ও কুমারপাড়ার মোড়ে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তার ওপর আড়াআড়ি করে টাঙানো বাঁশের সঙ্গে লাল ফিতা বেঁধে দেওয়া হয়েছে। বিকেল থেকে আলুপট্টির মোড়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। এতে ব্যস্ততম এই রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
সন্ধ্যা ছয়টার দিকে বোয়ালিয়া থানার সামনে দিয়ে সব যানবাহন ঢুকে পড়ে। তখন ওই এলাকায় পথচারী পারাপার কঠিন হয়ে পড়ে। সরু এই সড়কে ঢুকে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাস আটকা পড়ে। বাসটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহীতে শিক্ষাসফরে এসেছিলেন। সেখানে আটকা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের গাড়িও। ওই গাড়ির চালক বলেন, এ রাস্তা ছাড়া পার হওয়ার কোনো বিকল্প নেই। এখানে ঢুকেই বিপদ হয়েছে। এখন আর পেছনের দিকেও যেতে পারছেন না, সামনেও এগোতে পারছেন না।
ব্যাটারিচালিত অটোরিকশা এই যানজট আরও বাড়িয়ে দেয়। দুই দিক থেকেই অটোরিকশা ঢুকে রাস্তার ভেতরে আটকে পড়ে। তাতে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
জানতে চাইলে বোয়ালিয়া থানার পরিদর্শক সেলিম বাদশা বলেন, যুবলীগের পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের কাছে সম্মেলনের এই জায়গা ব্যবহারের জন্য আবেদন করা হয়েছিল। সিটি করপোরেশন অনুমতি দিয়েছে। তারপর পুলিশ কমিশনার অনুমতি দিয়েছেন। এ বিষয়ে তাঁদের করার কিছু নেই।
রাস্তার ওপর সম্মেলনের জায়গা নেওয়ার ব্যাপারে এর আগেই যুবলীগের সভাপতি রমজান আলীর সঙ্গে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, নেতাদের পছন্দ ছিল শিরোইল হাইস্কুল মাঠ। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে সেখানে করা যাচ্ছে না। বাধ্য হয়ে আলুপট্টি মোড় ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। এ জন্য মানুষের একটু দুর্ভোগ হয়তো হবে। তাঁরা দুই পাশের গলিপথ দিয়ে গাড়ি পারাপারে সহযোগিতা করবেন।
সর্বশেষ ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের সম্মেলন হয়।