সত্য তুলে ধরায় রেজিস্ট্রারকে অব্যাহতি: ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, রেজিস্ট্রারের কার্যালয়ে তালা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শুক্রবার রাতে এক যুক্ত বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে দাবি করা হয়, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এটি ঐতিহাসিক সত্য। সত্যপ্রিয় ও যেকোনো বিবেকবান মানুষই এর সঙ্গে একমত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করে জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করা হয়। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক সত্যগুলোকে বিকৃত ও ভুল তথ্য সন্নিবেশনের অপকৌশলে মেতেছে।’
বিবৃতিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে পুনর্বহাল করা এবং রেজিস্ট্রার কার্যালয়ে আগুন দেওয়াসহ ছাত্রলীগের নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।