সত্য বলায় আ.লীগের গায়ে আগুন ধরে গেছে: ফখরুল
মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এ কে খন্দকার তাঁর বইয়ে সত্য বলার কারণে আওয়ামী লীগের গায়ে আগুন ধরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু দিন আগেও এ কে খন্দকার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন, আজ তারাই এই বীর মুক্তিযোদ্ধাকে দেশদ্রোহের অভিযোগে বিচারের কথা বলছে।
গতকাল শুক্রবার সকালে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এম সাইফুর রহমান ২০০৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মারা যান।
মির্জা ফখরুল বলেন, এ কে খন্দকার যে কথা বইয়ে (১৯৭১: ভেতরে বাইরে) বলেছেন, সেটি সত্য। জনগণ এ কথাই বিশ্বাস করে। আওয়ামী লীগ যে এক ব্যক্তি ছাড়া আর কাউকে স্বীকার করে না এবং তারা যে মিথ্যাচার করে, তা এবার বেরিয়ে এসেছে। এ জন্যই তারা এ কে খন্দকারকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বিচারের দাবি তুলেছে।
বিএনপির এই নেতা বলেন, সাতই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ‘জয় পাকিস্তান’ বলেই বঙ্গবন্ধু তাঁর ভাষণ শেষ করেছিলেন। এটা এ কে খন্দকারের বইয়ে এসেছে। তবে এর অর্থ এই নয় যে বঙ্গবন্ধু স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। তখনকার বাস্তবতায় ‘জয় পাকিস্তান’ বলা সঠিক ছিল। কারণ, আওয়ামী লীগ ওই সময় মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত ছিল না।