বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অন্যায়ভাবে নিরীহ মানুষকে ধরা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যারা সত্যিকারের অপরাধী, তাদের ধরুন। এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। কিন্তু অন্যায়ভাবে সাধারণ ও নিরীহ মানুষকে ধরবেন না।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, রমজান মাসে দেশের মানুষ এবং বিদেশিদের দেখানোর জন্য সাঁড়াশি অভিযানের নামে বিএনপিসহ হাজার হাজার নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের নেতা জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল আউয়াল মিন্টু, আসাদুজ্জামান রিপন ও প্রয়াত নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।