সত্যিকারের অপরাধীদের ধরুন, সহযোগিতা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অন্যায়ভাবে নিরীহ মানুষকে ধরা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘যারা সত্যিকারের অপরাধী, তাদের ধরুন। এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। কিন্তু অন্যায়ভাবে সাধারণ ও নিরীহ মানুষকে ধরবেন না।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, রমজান মাসে দেশের মানুষ এবং বিদেশিদের দেখানোর জন্য সাঁড়াশি অভিযানের নামে হাজার হাজার মানুষকে ধরা হলো। এখানে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মী ছিল তিন হাজার।

খালেদা জিয়া বলেন, ‘দেশের আজ কী অবস্থা, তা আপনারা সবাই জানেন, বিশেষ করে বিএনপির নেতা-কর্মীরা। অবৈধ হাসিনা সরকারের টার্গেট হলো বিএনপি, বিএনপিকে ধ্বংস করা। শেখ হাসিনা মনে করছেন, বিএনপিকে ধ্বংস করতে পারলে ক্ষমতা পাকাপোক্ত করতে পারবেন, চিরস্থায়ীভাবে ক্ষমতার বন্দোবস্ত পেয়ে যাবেন। কিন্তু বাংলাদেশে জনগণ সব সময় গণতন্ত্রের পক্ষেই ছিল। তারা মুক্তিযুদ্ধও করেছে, যাতে এ দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হয় এবং সবাই ন্যায়বিচার পায়।’

বিএনপির চেয়ারপারসন বলেন, দেশে আজ না আছে গণতন্ত্র, না আছে ন্যায়বিচার, না আছে আইনের শাসন ও জনগণের জানমালের নিরাপত্তা। আজকে কারও জীবনই নিরাপদ নয়। যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায় যেকোনো ঘটনা ঘটতে পারে। এই হলো দেশের অবস্থা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের নেতা জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল আউয়াল মিন্টু, আসাদুজ্জামান রিপন, প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।