বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘গাজীপুরে এক ছাত্রলীগের কর্মসূচির মোকাবিলা করার ক্ষমতা বিএনপির নেই। প্রতিবাদে তারা হরতাল ডেকে জ্বালাও, পোড়াও এবং ঢিল ছুড়ে এক শিক্ষিকাকে মেরেছে। আর হরতালের দিন মাঠে বিএনপির নেতাদের খুঁজে পাওয়া না।’
আওয়ামী লীগের এই উপদেষ্টামণ্ডলীর সদস্য বলেন, ‘বেগম খালেদা জিয়া গাজীপুরে যেতেই সাহস পাননি। সত্যিকারের নেতা যদি হতেন, তিনি সেখানে যেতেন। সরকার বাধা দিলেও সেখানে জনসভা করতেন।’
গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে দীর্ঘ ১০ বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
গত সোমবার হরতালের সময় বিএনপির পিকেটারের ঢিলে এক স্কুলশিক্ষিকা নিহত হওয়ার ঘটনার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের এজেন্টরা এটা করেছে।’ মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কথা যদি সত্য হয় তাহলে তিনিসহ (মির্জা ফখরুল) বিএনপির সবাই আওয়ামী লীগের এজেন্ট। এই এজেন্টদের দিয়ে আন্দোলন হবে না।’ বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মিডিয়াই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে।
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির হাতে শহীদের রক্ত লেগে আছে। বিএনপি এই দেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র করতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের চাকরি দেয়। তারা স্বাধীনতা ও মানবতার বিরোধী। তাদের সাথে কিসের সংলাপ!’
সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এ কে এম এমদাদুল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক প্রতিমন্ত্রী সাংসদ এ বি তাজুল ইসলাম, স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, নবীনগরের সাংসদ ফয়জুল রহমান ওরফে বাদল প্রমুখ।