সদর আসনে নিজেদের প্রার্থী চায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের গত দুই মেয়াদে রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা। তবে এই আসন ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে আগামী নির্বাচনে এখান থেকে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার দাবি তুলেছেন দলের স্থানীয় নেতারা।

রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় গত শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কাছে এ দাবি তুলে ধরেন নেতারা। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এতে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল খালেক সভায় বলেন, দল ক্ষমতায় অথচ রাজশাহীতে আওয়ামী লীগ ক্ষমতাশূন্য। এখানে সাংসদ অন্য দলের, মেয়রও নেই বললেই চলে। আগামী নির্বাচনে রাজশাহী সদরে যেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়।

সভায় আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, নৌকা প্রতীক নিয়ে রাজশাহী সদরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নির্বাচিত হয়েছেন। কিন্তু সাংসদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করেন না। তিনি নিজের দলের নেতা-কর্মীদের নিয়েই ব্যস্ত থাকেন। মহানগরের আসন হিসেবে ক্ষমতাসীনদের জন্য এই আসন খুবই গুরুত্বপূর্ণ। আর এই আসনে মনোনয়ন দেওয়ার জন্য নগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য খায়রুজ্জামান লিটনের নামও প্রস্তাব করেন তাঁরা।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, আগামী নির্বাচনে রাজশাহী সদরে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া কোনো বিকল্প নেই। দলের জন্যই এটা গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তাঁরা ঐক্যবদ্ধভাবে খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে কাজ করেছেন। তাই আগামী নির্বাচনে সদর আসনে তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চান।

সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার ও মকবুল হোসেনও আগামী নির্বাচনে রাজশাহী সদর থেকে দলীয় প্রার্থীর মনোনয়ন চান বলে জানান।

সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, আওয়ামী লীগ প্রার্থী দেওয়ার বিষয়টি দু-একজনের মতামত, সবার নয়। তাঁর বিরুদ্ধে কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ নেই।