সদরঘাট থানার ওসিকে প্রত্যাহারের দাবি ছাত্রলীগের
চট্টগ্রামের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়াকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে নগর ছাত্রলীগ। গতকাল সোমবার নগরের কোতোয়ালি মোড়ে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশ-বিষয়ক উপসম্পাদক আবদুর রহিম ও তাঁর স্ত্রীর ওপর ‘পুলিশি হামলা ও থানায় নিয়ে নির্যাতনের’ প্রতিবাদে নগর ছাত্রলীগ এই সমাবেশ ও মিছিল করে। সকালে নগরের দারুল ফজল মার্কেটের কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে কোতোয়ালি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের সাবেক নেতার ওপর হামলাকারী ওসি মাইনুল ইসলাম ভূঁইয়াকে অনতিবিলম্বে সদরঘাট থানা থেকে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার করা না হয়, তাহলে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে ছাত্রলীগ।
বক্তারা আরও বলেন, সেদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রহিমের ওপর ওসি মাইনুল হামলা করেন। স্ত্রীসহ রহিমকে থানায় আটকে রেখে নির্যাতন করা হয়। ওসির বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রমুখ।
গত শনিবার বিকেলে সদরঘাট থানার ওসি একটি হোটেলে আবদুর রহিমকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।